ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার একটি পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে হঠাৎ আগুন ওঠে। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ১৫ মিনিটের তৎপরতার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস জানান, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও যথারীতি চালু রয়েছে বলে জানান তিনি.