রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত যুবকজনির বয়স ৩৫ বছর। তিনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলির বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক তোতা মিস্ত্রির পুত্র।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে কদমতলীর নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, “ভোরের দিকে বড়ইতলা এলাকায় ছিনতাইয়ের সময় জনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। জড়িত ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্র জানিয়েছে, ছিনতাইয়ের সময় দুর্বৃত্বরা জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ এবং তদন্ত শুরু করেছে পুলিশ।