লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের পৃথক বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান দিতে সহায়তা করলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় চাহিদাগুলো তুলে ধরেন।

পুলিশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।" পাশাপাশি পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।" এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি.