চুয়াডাঙ্গায় ইজিবাইক শ্রমিকদের হামলার অভিযোগে আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কর্মীদের ধর্মঘটের কারণে জেলাটির সকল রুটে বাস ও মিনিবাসের চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি দ্রুত সমাধানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান মালিক পক্ষকে ডেকে পাঠিয়েছেন। প্রশাসনীয় সিদ্ধান্ত আসার পরই ধর্মঘট প্রত্যাহার করা হবে। হঠাৎ এই পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী বাস টার্মিনালে ভিড় করছেন, আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের বরাত দিয়ে জানানো হয়, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।