মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মতি দিয়েছে ১০ হাজার বাংলাদেশিকে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়াগামী এসব কর্মীর বিমান ভাড়াসহ সকল অভিবাসন ব্যয় সরকার বহন করবে। ফলে কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা হবে না।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফার কর্মীদের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশটিতে পাঠানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয় উদ্যোগটিকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছে।