বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে। একই অভিযানে পরিবহন চালক ও যানবাহনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার ১১১১ নম্বর সীমানা পিলারের কাছে গহীন পাহাড়ি এলাকা থেকে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের যৌথ টহল দল তাদের আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিজিবির বিশেষ টহল দল হাতেনাতে ১২ জনকে ধরে ফেলতে সক্ষম হয়। খবর পেয়ে বাকি সদস্যরা গারো পাহাড়ের ঘন জঙ্গলে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অপেক্ষারত তিনটি হায়েস মাইক্রোবাস ও সেগুলোর তিন চালককে আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে তারা অবৈধ পথে ভারতে গিয়ে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক সময়ে ভারতে পুলিশি তৎপরতা ও নিয়মকানুন কড়াকড়ি হওয়ায় তারা দালালের সহযোগিতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। প্রায় ৩০ জনের একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার সময়ই তাদের ওপর অভিযান চালানো হয়।

ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে শুক্রবার বিকেলে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।