ঝিনাইদহের কালীগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মূল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ওই পরীক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন (১৬) কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও নানা কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহাম্মেদ (২০) ও তার সহযোগীরা। গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করা হয়।
অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "পৃথক দুটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সব ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।