অবশেষে হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন। বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে রয়েছেন চারজন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বেসিস নির্বাচন বোর্ড।

প্রকাশিত প্রাথমিক তালিকায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া।

সহসভাপতি (অ্যাডমিন) পদে প্রার্থী হয়েছেন রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ। সহসভাপতি (ফাইন্যান্স) পদে প্রার্থী হয়েছেন তানিয়া সুলতানা, তৌফিকুল করিম ও তানজিল আবেদিন।

পরিচালক (সাধারণ) পদে প্রার্থী হয়েছেন মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. ফুয়াদ হাসান।

পরিচালক (সহযোগী) পদে প্রার্থী হয়েছেন সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী। পরিচালক (অ্যাফিলিয়েট) পদে প্রার্থী হয়েছেন সুমাইয়া ইসলাম।

নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভাপতি প্রার্থী মোস্তফা রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা বেসিসকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। একটি সুস্থ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনই আমাদের প্রধান দাবি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অতীতের গ্লানি বা বিতর্ক না টেনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানাই।’

সভাপতি প্রার্থী রাফেল কবির মুক্তকণ্ঠকে বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে সদস্যরা উপস্থিত হয়ে ভোট দিতে পারবে। বেসিস একটা খালের কিনারে পড়েছে, সেখান থেকে তুলে আনতে হবে। ৫ আগস্টের পর দেশ যেভাবে স্বাধীন হয়েছে বেসিসকেও সেভাবে মুক্ত করতে হবে।’

সভাপতি প্রার্থী ইকবাল আহমেদ ফখরুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, ‘বেসিস নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হওয়া উচিত, যেখানে প্রতিটি ভোটারের মতামত সম্মানের সঙ্গে প্রতিফলিত হবে। আমার বিশ্বাস, একটি গ্রহণযোগ্য নির্বাচনই শক্তিশালী ও ঐক্যবদ্ধ বেসিস গঠনের ভিত্তি।’

বেসিসের একাধিক সদস্য বলছেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু দেখা যাচ্ছে কিছু সদস্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করার পাঁয়তারা করছে। আমাদের অনুরোধ থাকবে নির্বাচন সুষ্ঠু করে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার।

বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম। সদস্য হিসেবে আছেন  বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।