মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীঘ্রই চাকরি, সরকারি ব্যবস্থা, ব্যবসা এবং মানব সম্পর্কে আমূল পরিবর্তন আনবে। এই রূপান্তরের গতিবেগ মোকাবিলায় বিশ্বকে এখনই প্রস্তুতি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।

‘দ্য টার্বুলেন্ট এআই এরা ইজ হেয়ার: দ্য চয়েসেস উই মেক নাউ আর ক্রিটিক্যাল’ শিরোনামে লেখায় গেটস এআইয়ের তিনটি প্রধান ঝুঁকির কথা তুলে ধরেছেন। এর মধ্যে কর্মসংস্থানের সংকট প্রথম। আইন, গ্রাহকসেবা, চিকিৎসাবিজ্ঞান, সফটওয়্যার ও উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্র এআই-এর আওতায় আসবে। কয়েক প্রজন্মের বদলে মাত্র এক দশকের মধ্যে এই শিল্পগুলো দ্রুত প্রভাবিত হবে, যা সমাজকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারে।

তাঁর মতে, প্রাথমিক ও মধ্যম পর্যায়ের চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নতুন তৈরি হওয়া পদগুলোর জন্য নতুন দক্ষতার প্রয়োজন হবে। সঠিক নীতিমালা না থাকলে বর্তমানের তুলনায় নতুন চাকরির সংখ্যা অনেক কম হবে। দশকের শেষের দিকে স্মার্ট রোবট নির্মাণ ও আতিথেয়তা খাতসহ শারীরিক কাজে মানুষের সাথে প্রতিযোগিতা শুরু করবে। এই পরিবর্তনের গতি তরুণ কর্মীদের প্রথম সুযোগ পাওয়া কঠিন করে তুলতে পারে, ফলে অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষার সুযোগ সীমিত হবে। এ ছাড়া এআই খাতে ব্যাপক বিনিয়োগ ব্যর্থ হওয়ার আশঙ্কাও রয়েছে।

দ্বিতীয় ঝুঁকি হিসেবে ডিজিটাল হুমকি শক্তিশালী হওয়ার বিষয়টি তুলে ধরেন গেটস। জালিয়াতি, ডিপফেক, ভুল তথ্য ও সাইবার আক্রমণ এআই উন্নতির সাথে অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে। শক্তিশালী এআই সিস্টেম সরকারগুলোও বিপজ্জনকভাবে ব্যবহার করতে পারে, যা খারাপ উদ্দেশ্যে কাজ করা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নতুন হাতিয়ার হিসেবে কাজ করবে।

গেটস এআইয়ের গতি ধীর করার পক্ষে নন। চিকিৎসক ও শিক্ষকদের সহায়তা থেকে শুরু করে সরকারি সেবার মান উন্নয়ন পর্যন্ত এই প্রযুক্তি বিশাল সুফল বয়ে আনতে পারে। তবে সর্বোচ্চ ঝুঁকি মোকাবিলায় নীতিনির্ধারকদের সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর তিনি জোর দেন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর ব্যবস্থা, জ্বালানি ও জাতীয় নিরাপত্তায় বিভিন্ন দেশের সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত ‘হিউম্যান রিজার্ভড’ ধারণার আওতায় এমন কিছু ক্ষেত্র বা ভূমিকা মানুষের জন্যই সংরক্ষিত রাখার কথা বলেছেন, বিশেষ করে যেখানে সহানুভূতি ও মানবিক যোগাযোগ অপরিহার্য। অটোমেশনে ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনর্বাসন ও সহায়তা তহবিল গঠনের জন্য এআই টোকেন ও রোবটের ওপর কর আরোপেরও প্রস্তাব করেছেন তিনি।

২০ বছর আগে বিল গেটসের ঢাকা সফর ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ।
সূত্র: ইন্ডিয়া টুডে