বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে ব্যবহারকারীদের জন্য বিমানের টিকিট কেনা বা বাতিল, চিকিৎসক দেখানোর সময় নির্ধারণের পাশাপাশি অনলাইনে কেনা পণ্য গ্রহণের সময় পরিবর্তনের কাজ নিজেই করে দেবে চ্যাটজিপিটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআই জানিয়েছে, নতুন এ সুবিধার মাধ্যমে এমন অনেক কাজ করা যাবে, যেগুলোর জন্য এত দিন ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হতো। সুবিধাটি মোবাইল ও ওয়েব সংস্করণে প্লাস, প্রো ও বিজনেস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

.

ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন সুবিধাটি ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ নামের একটি এআই এজেন্টের অংশ। জিপিটি-৫.৬ চালিত এই এজেন্ট ব্যবহারকারীদের অনুমতি নিয়ে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারে। শুধু প্রাতিষ্ঠানিক কাজ নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজেও এই সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের নাম ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লগইন করতে হলেও সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের কাছে দৃশ্যমান হবে না। ফলে পাসওয়ার্ডের তথ্য নিরাপদ থাকবে।

.চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ.

ওপেনএআইয়ের হেল্প পেজের তথ্য অনুযায়ী, নতুন এ সুবিধায় লগইনের তথ্য গোপন রাখার জন্য ক্লাউড ব্রাউজার ব্যবহার করা হবে। এই ক্লাউড ব্রাউজার ওয়েবপেজ পড়তে, বিভিন্ন বোতামে ক্লিক করতে, ফরমে তথ্য লিখতে এবং সমর্থিত ওয়েবসাইটে লগইন করার পর প্রয়োজনীয় কাজ করতে পারে। কাজ শুরু করতে প্রথমে চ্যাটজিপিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। লগইনের প্রয়োজন হলে চ্যাটজিপিটি কথোপকথন সাময়িকভাবে থামিয়ে একটি ‘সুরক্ষিত ফরম’ দেখাবে। ব্যবহারকারী ওই ফরমে নিজের লগইন তথ্য দিলে চ্যাটজিপিটি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। কোনো অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে সেটিও ব্যবহারকারীদের সম্পন্ন করতে হবে।

.চ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে .

চ্যাটজিপিটি কোন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে তা আগে থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। সেটিংসের ‘ক্লাউড ব্রাউজার’ অংশে প্রতিটি ওয়েবসাইটের জন্য ‘অলওয়েজ আস্ক’, ‘অটো অ্যাপ্রুভ’ ও ‘অলওয়েজ অ্যালাও’ নামের তিন ধরনের অনুমতির ব্যবস্থা রয়েছে। ‘অলওয়েজ আস্ক’ নির্বাচন করলে চ্যাটজিপিটি কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে প্রতিবার অনুমতি চাইবে। ‘অটো অ্যাপ্রুভ’ চালু থাকলে নির্দিষ্ট ধরনের কাজ স্বয়ংক্রিয়ভাবে করবে। আর ‘অলওয়েজ অ্যালাও’ নির্বাচন করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করবে চ্যাটজিপিটি। কিছু ওয়েবসাইট এআই এজেন্টের প্রবেশ সীমিত বা নিষিদ্ধ করে রাখতে পারে। আর তাই সব ওয়েবসাইটে চ্যাটজিপিটির এই সুবিধা কাজ করবে না।

.

চ্যাটজিপিটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারলেও গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিজে থেকে চূড়ান্ত করবে না। কোনো কাজ পরে বাতিল করা কঠিন হলে বা সেটির মাধ্যমে আর্থিক, আইনি, অ্যাকাউন্ট-সংক্রান্ত বা বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কোনো দায়বদ্ধতা তৈরি হলে কাজটি সম্পন্ন করার আগে ব্যবহারকারীদের চূড়ান্ত অনুমতি নেবে চ্যাটজিপিটি। যেমন বিমানের টিকিট কেনা বা কোনো বুকিং নিশ্চিত করার আগে চ্যাটজিপিটি ব্যবহারকারীর অনুমোদন চাইবে। ব্যবহারকারী সম্মতি না দিলে চ্যাটজিপিটি ওই কাজ সম্পন্ন করবে না।

সূত্র: ম্যাশেবল