গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘টেনএক্স মাইন্ডস ইন দ্য এজ অব এআই: আর ইউ রেডি?’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে মিলিয়নএক্স বাংলাদেশ এবং আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কমিউনিটি (আইআইটিএসইসি)। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেমিনারে এআই কীভাবে শিক্ষা, কর্মক্ষেত্র ও চিন্তার ধরণ দ্রুত পরিবর্তন করছে, তা নিয়ে আলোচনা করা হয়। মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ডেটাসফট লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ বর্তমান শিল্প ও কর্মক্ষেত্রে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতে কোন ধরনের দক্ষতার গুরুত্ব বাড়বে এবং কোন পেশাগুলো এআইয়ের প্রভাবে পরিবর্তিত হতে পারে, তা নিয়ে সচেতনতা জরুরি।

মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ইভিআরকুলের প্রতিষ্ঠাতা আনিস রহমান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সমস্যা চিহ্নিত, সৃজনশীল চিন্তা করার পাশাপাশি সমাধানের জন্য সঠিক প্রশ্ন করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবনও দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

আলোচনায় উপস্থাপিত হয় যে, এআই অনেক প্রশ্নের উত্তর খোঁজা সহজ করে দিচ্ছে। ফলে ভবিষ্যতে সঠিক প্রশ্ন করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করে নতুন ধারণা তৈরির মাধ্যমে জটিল সমস্যার সমাধানের সক্ষমতা ভবিষ্যতে বড় পার্থক্য তৈরি করে দেবে। এই প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের পাশাপাশি দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নব্যবস্থা কতটা প্রস্তুত, তা নিয়েও সেমিনারে মতবিনিময় হয়।