অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পনেরো বছরের দীর্ঘ যাত্রার পর টিম কুক আনুষ্ঠানিকভাবে পদ ত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরের অ্যাপল পার্কে তাঁর জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওয়ানরিপাবলিক ব্যান্ডের গানে শুরু হওয়া এই অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কুক। নিজের ব্যক্তিগত জীবনের বিরল কিছু মুহূর্তও তিনি তুলে ধরেন।

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ আগস্ট কুকের সিইও পদের ১৫ বছর পূর্ণ হবে। নেতৃত্বের এই যুগান্তকারী পরিবর্তনের স্মরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, সাবেক সিওও জেফ উইলিয়ামস, সেবা বিভাগের প্রধান এডি কিউ এবং হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টার্নাস। সিইও পদ ছাড়লেও কোম্পানি থেকে সম্পূর্ণ বিদায় নেবেন না কুক। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভূমিকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেবেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজে তাঁকে নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

টিম কুক দায়িত্ব ছাড়ার ঠিক পরদিনই অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জন টার্নাস। ২০০১ সালে অ্যাপলে যোগদানের পর ২০২১ সাল থেকে তিনি হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে ছিলেন। বিশ্লেষকদের মতে, টার্নাসের আমলে কোম্পানির কার্যক্রমে বা কৌশলে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম। বরং বর্তমান ধারা বজায় রাখার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন সিইও হিসেবে শুরুতেই একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন টার্নাস। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইফোন উন্মোচন অনুষ্ঠান হবে তার নেতৃত্বে প্রথম বড় পণ্য উন্মোচনা। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনে মঞ্চে উঠে নতুন আইফোনসহ অন্যান্য পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করতে হবে তাকে।

সূত্র: ইন্ডিয়া টুডে