নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে আসা দুর্বৃত্তদের প্রলোভনে চালককে পান কিনে আনতে পাঠিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোর রেজওয়ান (১৪) জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

রেজওয়ান জানান, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের বাসা থেকে মালপত্র বহনের কথা বলে তার চার্জার ভ্যানটি ভাড়া করে। গন্তব্যে পৌঁছে চক্রটি তাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান কিনে আনতে নির্দেশ দেয়। পান নিয়ে ফিরে এসে সে দেখে তার ভ্যানটি নিয়ে দুর্বৃত্তরা চম্পট দিয়েছে; হাতে শুধু পড়ে রয়েছে ভ্যানের চাবিটি।

কান্নাজড়িত কণ্ঠে রেজওয়ান বলে, আমি এখন কী করব? পরিবারের শেষ সম্বলটাও ওরা চুরি করে নিয়ে গেল! বাবা-মাকে গিয়ে কী জবাব দেব, আমাদের সংসারটাই বা কীভাবে চলবে?

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে ভ্যান হারানোর খবরটি তিনি জেনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি।

তিনি আরও বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছি এবং অপরাধ রোধে শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।