ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে ৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, অভিযানে ‘মা-বাবার দোয়া স্টোর’-এর স্বত্বাধিকারী মো. আবু সালেহ হাওলাদারকে ২ হাজার টাকা, ‘শ্রী শফিউল্লাহ স্টোর’-এর সুব্রত মণ্ডলকে ৪ হাজার টাকা, ‘ভাই ভাই স্টোর’-এর মো. আবুল কালামকে ২ হাজার টাকা এবং ‘বাসার স্টোর’-এর মো. আবুল বাসারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিস) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেন, মো. খালিদ সাইফুল্লাহ এবং মো. মোস্তাফিজুর রহমান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জরিমানাপ্রাপ্ত আবু সালেহ হাওলাদার ও আবুল কালাম রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। এছাড়া সুব্রত মণ্ডল স্বরূপকাঠি উপজেলার ভদ্রাংক এলাকার এবং আবুল বাসার একই উপজেলার গিঘড়া এলাকার বাসিন্দা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, “পরিবেশসংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি ৩৫ কেজি অবৈধ পলিথিন বাজেয়াপ্ত করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় পলিথিনবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”