জামালপুরে ঘোড়ার মাংস বিক্রি চক্রের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল।

গত ২৩ আগস্ট ভোরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় পুলিশের অভিযানে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করা হয়। একই ঘটনায় স্থানীয় জনতা আরও চারজনকে আটক করে। পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলে উক্ত আসামীদের নিয়ে যাওয়া হলে অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে মেহেদীর বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা গড়ে ওঠে।

অভিযোগ অস্বীকার করে মেহেদী বলেন, "আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কিছু স্বার্থান্বেষী মানুষের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের কারণে আমাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।"

বিষয়টি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় সংসদ দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে (মেহেদী) দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বিষয়টি নিশ্চিত করে বলেন, "সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর কেন্দ্রীয় সংসদ তা খতিয়ে দেখে এবং অভিযুক্ত মেহেদীর বক্তব্যও শোনে। পরবর্তীতে অপরাধে সম্পৃক্ততার সত্যতা পেয়ে কেন্দ্র থেকে তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।"