বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ৭ এপ্রিল সাংবাদিক কামাল উদ্দিন সবুজ (মো. কামাল উদ্দিন মজুমদার)-কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি গত ৮ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাদের গনি চৌধুরীকে নতুন করে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগ শর্তাবলিতে বলা হয়েছে, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত কাদের গনি চৌধুরী দেশের গণমাধ্যম জগতে সুপরিচিত নাম।