বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও ওয়াকআউটের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "তুচ্ছ বাহানায় কথায় কথায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট, আখেরে গণতন্ত্রেরই ক্ষতি হবে"।
তিনি আরও বলেন, "বিরোধী দলকে সংসদীয় ধারা এবং চর্চায় ফিসে আসতে হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেন, "এই সংসদকে কার্যকর করতে না পারলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে এবং সেটির জন্য ইতিহাস বিরোধী দলকে দায়ী করবে।"
সংসদীয় আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সরকারের প্রধান লক্ষ্য আইন প্রণয়নসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটের সমাধান এই জাতীয় সংসদেই করা। রাজপথে বা গুলশানে অনেক কথা বলা সম্ভব হলেও সংসদের ভেতর কথা বলতে হবে নির্দিষ্ট বিধি মেনে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে।"
আইন প্রণয়ন কাজে বাধা দেওয়ার লক্ষ্যেই বিরোধী দল এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, "আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ওয়াক আউট করা হয়েছে"। প্রথম অধিবেশন থেকেই বিরোধী দল মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ সংক্রান্ত আইনের দাবি জানিয়ে আসছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে তাড়াহুড়া করে তৈরি করা মানবধিকার কমিশন আইনে যেসব ভুলত্রুটি ছিল, তা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাই কঠোর পরিশ্রম করছেন। দেশি-বিদেশি স্টেকহোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, মানবাধিকার সংস্থা এবং ইউএনডিপির সঙ্গে একাধিক সেমিনার ও সিম্পোজিয়াম করে একটি আন্তর্জাতিক মানের এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, "মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল—উভয়টিই একটি সমৃদ্ধ ও শক্তিশালী রূপ দিয়ে আজ সংসদে উত্থাপন ও কমিটিতে পাঠানোর কথা ছিল। বিলের কপি যথেষ্ট আগেই সব সদস্যকে সরবরাহ করা হয়েছে এবং সংসদীয় কমিটিতে আলোচনার জন্য আরও কয়েক দিন সময় পাওয়া যেত। কিন্তু এই বিল উত্থাপনকে বাহানা বানিয়ে বিরোধী দল সংসদ ত্যাগ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।"
দেশের আইনশৃঙ্খলা ও সংসদ সদস্যদের ওপর হামলার বিষয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, "সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনা বা স্থান উল্লেখ না করে গণমাধ্যমে বা জনসভায় কথা বলা আর সংসদে কথা বলা এক নয়। কোনো সংসদ সদস্যের ওপর কোথায় হামালা হয়েছে বা কাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য দিলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।"
বক্তব্যের শেষে তিনি সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যদের প্রতি জাতীয় সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখার আকুল আবেদন জানান।