জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্সবিহীন অবৈধ সার মজুতের অভিযোগে হাসান বশরি নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা ৪০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ডাংধরা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ডাংধরা ইউনিয়নের বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে একটি অনুমোদনহীন গুদামে মজুত করেন হাসান বশরি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন ওই সার জব্দ করে। অবৈধভাবে সার মজুতের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে এবং এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, "অনুমোদন বা লাইসেন্স ছাড়া সার পরিবহন, মজুত কিংবা বিক্রি করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"