পাবনা শহরের ‘বনলতা কফি শপ’কে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শহরে পরিচালিত যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে ভয়াবহ অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।
অভিযানকালে দেখা যায়, খাবার সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে ব্যাপক অবহেলা রয়েছে। খোলা খাবারের মধ্যে পোকা পাওয়া গেছে। এছাড়া খাবারের ঠিক উপরেই একটি নোংরা ঝাড়ু রাখা ছিল। গ্রাহকদের পরিবেশন শেষে অবশিষ্ট বা বাসি খাবার পুনরায় নতুন গ্রাহকের সামনে রাখার প্রমাণও মেলে। এর পাশাপাশি রান্নার কাজে ব্যবহৃত তেলের মান পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত গুরুতর অনিয়মের বিষয়টি নিশ্চিত হয়। সামগ্রিকভাবে খাদ্য নিরাপত্তা আইন ও স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা কার্যকর করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন, তরিকুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন বলেন, “খাবারে চরম ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”