বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সার্বিক পাসের হার ৬৩.৭৪ শতাংশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, পরীক্ষা কমিটির সভাপতি অনন্যা লাবণী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

পরীক্ষা তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৪১৮টি স্টাডি সেন্টার ও ১৭০টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ হাজার ৮০৮ এবং ছাত্রী ২০ হাজার ৮ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭ হাজার ৬৬৪ জন উত্তীর্ণ হন। ছাত্রদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন (পাসের হার ৬১.২২ শতাংশ) এবং ছাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৯ জন (পাসের হার ৬৮.২৫ শতাংশ) সফল হয়েছেন।

গত ২৪ এপ্রিল শুরু হওয়া পরীক্ষার তাত্ত্বিক অংশ শেষ হয় ৫ জুন এবং ব্যবহারিক অংশ সমাপ্ত হয় ১২ জুন ২০২৬। ফল প্রস্তুত করতে মোট ৪৯ কার্যদিবস সময় লাগে।

ফল প্রকাশকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, "উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন, তারা জীবনের অনেকটা সময় সংগ্রাম করে একাডেমিক পাঠ নিতে আসেন। তাদের সেবায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষাসহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিকতা ও অব্যবস্থাপনা দূর করা হয়েছে।"