পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারভর্তি ১০০ মণ ইলিশ শিকার করেছেন স্থানীয় জেলেরা। বুধবার (২৬ আগস্ট) বিকেলে এই বিশাল মাছের বোঝা বন্দরে পৌঁছাতেই ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পরে আলীপুরের সিফাত ফিশ আড়তে অনুষ্ঠিত দিনব্যাপী নিলামে মাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়।
জেলেদের তথ্য অনুযায়ী, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে গভীর সাগরে অভিযান চালায়। সাগরযাত্রার আগে ট্রলারটিতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজনীয় বাজার-সদাই তোলা হয়েছিল। এক দিন পর সাগরের পশ্চিম বয়া সংলগ্ন এলাকায় জালে একের পর এক ইলিশ আটকা পড়তে শুরু করলে ট্রলারের বরফঘর ও সংরক্ষণস্থল দ্রুত ইলিশে ভরে যায়। বিপুল পরিমাণ মাছ পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাস নিয়ে জেলেরা ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
সাম্প্রতিক সময়ে ইলিশ সংকট নিয়ে হতাশাজনক পরিস্থিতি বিরাজমান থাকলেও, একসঙ্গে এত পরিমাণ ইলিশ শিকার উপকূলীয় জেলেরাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এর ফলে অনেক জেলেই ভালো মাছ পাওয়ার প্রত্যাশায় নতুন উদ্যমে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন ধরে সাগরে ইলিশের সংকট দেখা দিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।
তিনি আরও বলেন, বৃষ্টিপাত বাড়লে সাগরে ইলিশের আহরণ আরও বাড়তে পারে। এতে জেলে, আড়তদার, মাছ ব্যবসায়ীসহ ইলিশ আহরণ ও বিপণনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।