মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধান কাটার সময় ক্ষেতে বিশালাকার একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন কৃষি শ্রমিকরা। এই আতঙ্কে তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান রোড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়াউড়া বাগান রোড সংলগ্ন একটি ধানক্ষেতে শ্রমিকরা ধান কাটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ একটি অজগর সাপ চোখে পড়ে। এতে আতঙ্কিত শ্রমিকরা দ্রুত কাজ থামিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগর সাপটিকে কোনো ক্ষতি ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সাপটিকে বনে অবমুক্ত করার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।"