মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস সৃষ্টি করে প্রথম ফরাসি নারী হিসেবে স্পেসওয়াকের গৌরব অর্জন করেছেন নভোচারী সোফি আদেনো। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অ্যানটেনা প্রতিস্থাপনের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন তিনি।
গত ১৮ আগস্ট সোফি আদেনো এবং নাসার নভোচারী অনিল মেনন প্রথমবার মহাকাশ স্টেশনের কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য ব্যবহৃত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনা প্রতিস্থাপনের কাজ শুরু করেন। তবে গতকাল মঙ্গলবার আদেনো ও মেনন পুনরায় স্পেসওয়াকের মাধ্যমে ওই অ্যানটেনা প্রতিস্থাপনের অসমাপ্ত কাজ সফলভাবে শেষ করেন।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট সাড়ে ছয় ঘণ্টা স্থায়ী এক জটিল অভিযানে দুই নভোচারী মহাকাশ স্টেশনের জেড১ ট্রাসের ওপর অবস্থিত পুরোনো অ্যানটেনা প্রতিস্থাপন এবং নতুন ইউনিট সংযোগের প্রস্তুতি নিয়ে কাজ করেন। তবে চাপযুক্ত স্পেসস্যুট পরে কাজ করার নানাবিধ জটিলতা এবং সময়ের স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অ্যানটেনাটি সম্পূর্ণ স্থাপন ও সচল করা সম্ভব হয়নি।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার দ্বিতীয়বার স্পেসওয়াকের মাধ্যমে আদেনো ও মেনন মহাকাশ স্টেশনে একটি অতিরিক্ত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনা সফলভাবে প্রতিস্থাপন করেন এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ প্রদান করেন।
উল্লেখ্য, মহাকাশ স্টেশনে নিয়মিত বিরতিতে নভোচারীরা সফর করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। সাধারণত স্টেশনে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নভোচারীরাই তা দ্রুত মেরামতের উদ্যোগ নেন।