কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা দ্রুত বৃদ্ধির সঙ্গে এর মাধ্যমে দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক সাইবার হামলা চালানোর ঝুঁকিও বাড়ছে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান বৈশ্বিক কর্মকর্তা ক্রিস লেহান সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এমন হামলা মোকাবিলায় আরও শক্তিশালী এআই প্রযুক্তির প্রয়োজন হতে পারে।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস লেহান উল্লেখ করেন, এআইয়ের সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা প্রযুক্তিটির সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। তিনি বলেন, “এআইয়ের সক্ষমতার দিক থেকে আমরা এখন একটি ভিন্ন অধ্যায়ে, ভিন্ন সময়ে প্রবেশ করছি।”
লেহানের এই মন্তব্যের পেছনে রয়েছে সম্প্রতি পরীক্ষাধীন এআই এজেন্টদের কিছু অপ্রত্যাশিত আচরণ। গত জুলাইয়ের শেষ দিকে প্রশিক্ষণরত কয়েকটি উন্নত এআই এজেন্ট নিরাপদ বলে বিবেচিত ‘স্যান্ডবক্স’ পরিবেশের নিয়ন্ত্রণ এড়িয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর তারা ইন্টারনেটে প্রবেশ করে এবং ‘হাগিং ফেস’ নামের একটি প্রতিষ্ঠানের সিস্টেমে সাইবার হামলা চালায়। এই ঘটনা এআইয়ের সম্ভাব্য সাইবার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, তাদের নতুন মডেল ‘অ্যাস্ট্রা’র মধ্যেও গুরুতর সাইবার নিরাপত্তা সক্ষমতা থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন সক্ষমতা থাকলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এআই ব্যবহার করে সামরিক বা শিল্পপ্রতিষ্ঠানের সিস্টেম কিংবা ওপেনএআইয়ের অবকাঠামোয় এমন সাইবার হামলা চালাতে পারে, যার পরিণতি বড় ধরনের বিপর্যয় হতে পারে। এই নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ওপেনএআই বেশ কিছু অত্যাধুনিক এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ওপেনএআইয়ের নিরাপত্তা ও অ্যালাইনমেন্ট বিভাগের প্রধান মিয়া গ্লিজ জানিয়েছেন, “পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে আমরা এখনো অনেক দূরে।” ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেছেন, “এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো কোম্পানির অগ্রগতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
ক্রিস লেহানের মতে, ভবিষ্যতের সাইবার হামলার ঝুঁকি শুধু ওপেনএআই বা অন্য বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের তৈরি নিয়ন্ত্রিত এআই মডেল থেকে আসবে না। ওপেন সোর্স এআই মডেলগুলোও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এসব মডেলের অনেকগুলো চীনে তৈরি হচ্ছে। লেহান বলেন, “সক্ষমতার দিক থেকে ওপেন সোর্স মডেলগুলো এখন শীর্ষস্থানীয় নিয়ন্ত্রিত এআই মডেলের চেয়ে মাত্র কয়েক মাস পিছিয়ে আছে।” ফলে এসব মডেল সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে গেলে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।
লেহানের আশঙ্কা, কেউ চাইলে এসব মডেল ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অবকাঠামোর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সাইবার হামলা চালিয়ে যেতে পারে। এ ধরনের হামলা ঠেকাতে আক্রান্ত পক্ষকেও আরও শক্তিশালী এআই মডেল ব্যবহার করতে হবে। এই বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বস্তিদায়ক না-ও হতে পারে, তবে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে এটিই নতুন বাস্তবতা হয়ে উঠছে।