কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহ ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় জাকিরের বড় ভাই মো. শাকিল (৩২) ও তাঁর সহযোগীরা জড়িত।
গতকাল মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। আইয়ুব আলীর দুই ছেলে জাকির ও শাকিলের মধ্যে মাদক সংক্রান্ত বিষয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শাকিলসহ কয়েকজন জাকিরকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, অচেতন হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে না নিয়ে মরদেহটি গোপন করার চেষ্টা করা হয়।
সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে গ্রাম পুলিশ মোখলেস বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন। রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানিয়েছে, মরদেহের মাথার পেছনে ভোঁতা বস্তুর আঘাত, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝবরাবর কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, "জাকির ও সন্দেহভাজন ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে জাকিরের একাধিকবার বিরোধ হয়েছিল।"
ধারণা করা হচ্ছে, ঘটনার দিন মাদক ব্যবসার অর্থ নিয়ে বিরোধের জেরে এই মারামারি হতে পারে। অভিযুক্ত শাকিল ও তাঁর সহযোগীরা বর্তমানে পলাতক।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরেজীত বড়ুয়া গতকাল রাতে মুক্তকণ্ঠকে বলেন, "মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"