বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর রায়হান (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ‘মায়ের দোয়া বেকারি’তে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে লক্ষ্মীপাশা গ্রামেই বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান রায়হান। সেখানে পৌঁছানোর আনুমানিক এক ঘণ্টা পর স্ত্রীর ফোন পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। এরপরই স্ত্রীর সঙ্গে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে তিনি নিজের কক্ষে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, “রায়হানের মৃত্যুর সংবাদের পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং মামলার তদন্তের পর এই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”