মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে এক যুবকের নৃশংস হামলায় প্রেমিকার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসা বাবা ও মাকেও কুপিয়ে জখম করে পালিয়ে গেছে অভিযুক্ত যুবক।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। সে ট্রাকচালক হিসেবে কর্মরত। সায়ন অতর্কিতভাবে সেলিম হোসেনের মেয়ে স্মৃতি খাতুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন ছুটে এলে তাদের ওপরও হামলা চালায় সায়ন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, স্মৃতির ডান হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, "নৃশংস এই হামলার পর থেকেই অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।"