সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ওই ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যাতে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পায় ব্যাংক সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সকল ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পোস্টে বলা হয়েছে।