কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে ছোট ভাই জাকির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরঞ্জিত বড়ুয়া।

নিহত জাকির হোসেন এবং অভিযুক্ত মো. শাকিল দুজনেই ওই এলাকার বাসিন্দা এবং আইছুর আলীর সন্তান। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই তীব্র বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সেই বিরোধের জেরে প্রথমে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাকিরকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, ঘটনার পর দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাকিরের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জাকিরের মাথার পেছনে ভোঁতা বস্তুর আঘাত, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝ বরাবর একাধিক কাটা জখমের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাতের সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, নিহত জাকির মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিবাদের ঘটনা ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা কেন্দ্রিক কোনো কোন্দল ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরঞ্জিত বড়ুয়া জানান, "ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"