রাজবাড়ীর পাংশা উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ দুই সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং একই এলাকার সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তিনি তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার খবর শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।