বাংলাদেশের জ্বালানি ও সরবরাহ খাতের গবেষণা, শিক্ষা, নীতি-আলোচনা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 'সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস' (সিইএল) গঠন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রটির পরিচিতিপত্রে লক্ষ্য উল্লেখ করে বলা হয়েছে, "সিএলের লক্ষ্য শুধু গবেষণা পরিচালনা নয়; বরং গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য জ্বালানি ও সরবরাহ বিষয়ে একটি উৎকর্ষ কেন্দ্র হয়ে ওঠা।"
দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ণের ফলে নির্ভরযোগ্য জ্বালানি, কার্যকর পণ্য পরিবহন এবং স্থিতিশীল সরবরাহব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়ছে। এই প্রেক্ষাপটে সিইএল নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা, বাজার ও অর্থায়ন, জ্বালানি দক্ষতা, জলবায়ু ও জ্বালানি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক জ্বালানিব্যবস্থা নিয়ে কাজ করবে। লজিস্টিকস বা সরবরাহ খাতের ক্ষেত্রে গুরুত্ব পাবে স্মার্ট ও পরিবেশবান্ধব ডিজিটাল লজিস্টিকস, পণ্য পরিবহন, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামো এবং আঞ্চলিক যোগাযোগ।
জ্বালানি ও সরবরাহের সংযোগস্থল নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে পরিচিতিপত্রে জানানো হয়েছে, কার্বন নিঃসরণ কমানো, সবুজ বন্দর, স্মার্ট লজিস্টিকস হাব, বিকল্প জ্বালানি, ব্যাটারি সরবরাহব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা নিয়ে গবেষণার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
গবেষণার পাশাপাশি সিইএল একাডেমিক কোর্স, নির্বাহী শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও সনদ কর্মসূচি পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি মৌলিক, প্রায়োগিক ও নীতিনির্ভর গবেষণা, বাজার সমীক্ষা, অর্থনৈতিক বিশ্লেষণ ও কারিগরি মূল্যায়নের পাশাপাশি বিনিয়োগ পরামর্শ, প্রকল্প মূল্যায়ন এবং আইনি সম্ভাব্যতা যাচাইয়ের মতো পরামর্শসেবা প্রদান করবে।
কেন্দ্রটির নেতৃত্বে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সাবেক জ্বালানিসচিব এবং ইডকল-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থনীতিবিদ ও লেখক মুহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এডিবি-র দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান হাফিজ রহমান। এই পরিষদে ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিবর্গ রয়েছেন।
ফেলো হিসেবে যুক্ত আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ডিএমটিসিএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের রিশাদ আহমেদ এবং ইম্পিরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক মোহাম্মদ কুদ্দুসসহ দেশ-বিদেশের পরিবহন, জ্বালানি ও অর্থনীতি বিশেষজ্ঞগণ।
সিইএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত ও নাগরিক সমাজের সাথে যৌথ গবেষণা, নীতি সংলাপ এবং দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে তাদের।