গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় তাদের দুজনের পরনেই ছিল পাঞ্জাবি ও পায়জামা।

গোবরা মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, "সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়ে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর মাদরাসায় ফিরে আসেনি।"

পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি, যা পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, "দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে পরিবার কিংবা মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"