মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০০৯ সালে সংঘটিত আব্দুল মজিদ হিরন হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হিরন এশার নামাজ ও রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় হিরনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রায় ১৭ বছর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে আদালত অভিযুক্ত আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং বিচার চলাকালে দুই আসামির মৃত্যু হয়েছে।