এক দিনে মোট ২৬ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরের পৃথক প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার তিনটি প্রজ্ঞাপনে আরও ১৭ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

নতুন এই আদেশে আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনার এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিনজন অতিরিক্ত উপকমিশনার রয়েছেন। এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

বদলির তালিকায় ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগে এবং আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। আরএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রকিবুল হাসানকে পাবনায়, সিএমপির অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা জেলার সদর সার্কেলে এবং বিএমপির অতিরিক্ত উপকমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট জেলার সদর সার্কেলে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে জহিরুল ইসলামকে রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল থেকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সার্কেলে এবং আনোয়ার হোসাইন সাঈদীকে হাইওয়ে পুলিশ থেকে বান্দরবনের লামা সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া সিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পিবিআইতে এবং সহকারী কমিশনার আবদুর রহিমকে বান্দরবনের স্পেশাল অ্যাকশন ফোর্সে (এসএএফ) বদলি করা হয়েছে।