গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং জ্বালানি ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারীকরণ বন্ধের দাবিতে দিনাজপুরের বিরামপুরে এক প্রচারযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মার্কিন চুক্তি বাতিলের দাবি জানানো হয় এই কর্মসূচিতে।

মঙ্গলবার বিকেলে বিরামপুর পৌরসভার ঢাকা মোড়ে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি ছিল ঢাকা থেকে শুরু হওয়া ফুলবাড়ী প্রচারযাত্রারই একটি অংশ। সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ গান ও বক্তব্যের পাশাপাশি পথচারী ও অংশগ্রহণকারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।

সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দীন বলেন, "ভারতের আগ্রাসন মানে সীমান্ত হত্যা বন্ধ, আদানি চুক্তি বাতিল, তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও রামপালের চুক্তি বাতিলের মতো দাবিগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু প্রস্তাবিত চুক্তিতে এমন কিছু নেই, যা ভারতের আধিপত্য বন্ধ করতে পারে। বরং এর মাধ্যমে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "কোনো আধিপত্যবাদী দেশের আধিপত্য বাংলাদেশের জনগণ মেনে নেবে না।"

অন্যদিকে, ফুলবাড়ীতে পুনরায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন সংক্রান্ত এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ মাহবুব সুমন। তিনি বলেন, "এই চুক্তি ফুলবাড়ীর জনগণের জন্য লাভজনক কিছু বয়ে আনবে না। কয়লানির্ভর বিদ্যুতের ব্যবহার থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য বিদ্যুৎ উৎসের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সংকট দূর করতে হবে।"

আয়োজকরা জানান, বুধবার ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ তরিকুল, সালেকীন ও আমিনের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর মাধ্যমেই প্রচারযাত্রা শেষ হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি আমিনুল ফরিদ, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন উর রশীদ ও মাহতাব উদ্দিন আহমেদ, জ্বালানি বিশেষজ্ঞ মাহবুব সুমন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের দিনাজপুর প্রতিনিধি মনির হোসেন, উত্তরবঙ্গ কৃষক মঞ্চের নেতা শাহনেওয়াজ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজনৈতিক কর্মী সুমাইয়া শাহীন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সহসভাপতি শুভাশিস চাকমা, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন এবং ঢাকা মহানগর সম্পাদক ইকবাল কবীর।