পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং ব্যবহারের দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহর ও স্থানীয় বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় এই দণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— মো. মিলন হাওলাদার (৩৭), মো. মনসুর মোল্লা ও জহির (৪০)। এদের মধ্যে মিলন ও মনসুরকে এক হাজার টাকা করে এবং জহিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।
বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, "মাছে কৃত্রিম রং মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"