পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে ভবনের রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। তারা গৃহকর্তার হাত-পা বেঁধে মারধর করে এবং লকার ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এই ঘটনার সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক নারী প্রতিবেশী।
ভুক্তভোগী এমরান জানান, "মঙ্গলবার ভোররাতে পিস্তল ও দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে।" তিনি আরও জানান, ডাকাতরা তার হাত-পা বেঁধে মারধর করার পর ঘরের লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এমরানের দাবি, ডাকাতরা তার ভাবির কক্ষের দরজা খোলার জন্য চাপ দিলেও তিনি দরজা খোলেননি, ফলে তারা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।
মিক্সন শেখের স্ত্রী সেলিনা জানান, "ভোররাতে ভবনের দুই পাশের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে ডাকাতেরা। এরপর সামনের কক্ষে ঢুকে তার দেবর এমরানকে বেঁধে ফেলে ও মালামাল লুট করে। পরে বেডরুমে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।"
সেলিনার দাবি, ডাকাত দলে অন্তত আটজন ছিল এবং তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি দ্রুত ডাকাতদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।