বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপনের জন্য দুঃখ প্রকাশ করেছে। গত সোমবার (২৪ আগস্ট) বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে একটি স্লাইডে '৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ ৬২ হাজার লোক কর্মহীন' শীর্ষক তথ্য দেওয়া হয়েছিল। এই তথ্যটি এক বছর আগের একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৫ আগস্ট) অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট ফ্যাক্টচেক করে তথ্যটি অসত্য বলে সংবাদ প্রকাশ করলে সিপিডি তাদের ভুল বুঝতে পারে। এরপর আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিডি এই ভুলের কথা স্বীকার করে।

সিপিডির বিবৃতিতে জানানো হয়, গত সোমবার অনুষ্ঠিত 'নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা' শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত একটি তথ্যের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়কালে তিনটি প্রধান শিল্পাঞ্চলে (গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী) ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন।

এ সংক্রান্ত তথ্যটি গত ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছিল। সিপিডি স্বীকার করেছে যে, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। পরবর্তীতে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই সংবাদটি আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মার্চ মুক্তকণ্ঠতে প্রকাশিত হয়েছিল। এই অসাবধানতার ফলেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিবৃতিতে সিপিডি বলেছে, “অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি।”

সিপিডি তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, তাদের গবেষণা দল ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে আরও সতর্ক থাকবে। একই সঙ্গে বিষয়টি নজরে আনা এবং পেশাদারিত্বের জন্য ‘দ্য ডিসেন্ট’কে ধন্যবাদ জানানো হয়েছে।