ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার যুক্তরাজ্য থেকে দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবরে করা একটি আবেদনের প্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে রুলসহ এই আদেশ প্রদান করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এইচ এম রেজওয়ানুল সাঈদ ১২ আগস্ট দুদকের চেয়ারম্যান বরাবর একটি আবেদন জানান। সেখানে মো. শওকত আলী চৌধুরীর ২৫ মিলিয়ন ডলার যুক্তরাজ্য থেকে দুবাইয়ে পাচার এবং এর ফলে ১৩৬ কোটি টাকা কর ও প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানার বিষয়গুলো অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। সেই আবেদনে দৃশ্যমান ফল না পাওয়ায় চলতি সপ্তাহে রিটটি দায়ের করা হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মোহাম্মদ আলী এবং এইচ এম সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আখতার হোসেন।

শুনানি শেষে আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী মুক্তকণ্ঠকে বলেন, "সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তের সময় শওকত আলী চৌধুরীর যুক্তরাজ্যের ব্যাংক হিসাবে ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায়। অর্থের উৎস কী, তা শওকত আলী চৌধুরীর কাছে জানতে চায় এনসিএ। শওকত আলী জবাব দিলে তা সন্তোষজনক মনে না হওয়ায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে রিপোর্ট করে এনসিএ। কিন্তু বিএফআইইউ কোনো উদ্যোগ নেয়নি। চার সপ্তাহ পরে ওই অর্থ রিলিজ করে দেওয়া হয়। এর পরপরই শওকত আলী ওই অর্থ দুবাইয়ে স্থানান্তর করেন। ওই অর্থ আয়কর রিটার্নে ঘোষণা না করায় জাতীয় রাজস্ব বোর্ড অ্যাসেসমেন্ট করে কর ও জরিমানা আরোপ করে।"

আইনজীবী সানজিদ সিদ্দিকী আরও জানান, ন্যাশনাল ক্রাইম এজেন্সির রিপোর্ট থাকা সত্ত্বেও অর্থ ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ না নেওয়ায় এই রিট করা হয়েছে। তিনি বলেন, "ন্যাশনাল ক্রাইম এজেন্সির অবহিত করা সত্ত্বেও শওকত আলী চৌধুরীর ওই অর্থের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় বিএফআইইউর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যধারা গ্রহণ করা হবে না—এ মর্মে রুলে জানতে চাওয়া হয়েছে।"

আদালত বিএফআইইউর প্রধানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।