নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষের নামফলকে একক নাম লেখা নিয়ে দুই সংসদ সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এবং বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম জড়িয়ে পড়েন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষটি উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ আব্দুল মুনতাকিম উপস্থিত হয়ে উদ্বোধন কার্যক্রমে অংশ নেন। খবর পেয়ে সেখানে পৌঁছান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। কক্ষের নামফলকে কেবল আব্দুল মুনতাকিমের নাম লেখা দেখে বিলকিস ইসলাম তীব্র প্রতিবাদ জানান। কক্ষটি সব সংসদ সদস্যের জন্য নির্ধারিত হওয়া সত্ত্বেও সেখানে একজনের নাম কেন রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তুললে দুই এমপির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এই প্রসঙ্গে বিলকিস ইসলাম বলেন, "উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার জন্য একটি পরিদর্শন কক্ষ থাকবে, এটিই স্বাভাবিক। অন্য এলাকা থেকে কোনো মন্ত্রী এলে তারাও সেখানে বসতে পারেন।"
তিনি আরও অভিযোগ করেন, কক্ষ উদ্বোধনের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি। বিলকিস ইসলাম বলেন, "জামায়াতের এমপি এককভাবে এটি উদ্বোধন করতে পারেন না। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দল আমাকে নীলফামারী-৪ ও নীলফামারী-৩ আসনের দায়িত্ব দিয়েছে এবং আমি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।"
প্রশাসনের মাধ্যমে তাকে কথা বলতে বলা হলেও তা করা হয়নি বলে তিনি দাবি করেন। নামফলকের বিষয়ে তিনি বলেন, "কক্ষটি সব সংসদ সদস্যের জন্য নির্ধারিত; তাই এককভাবে কারও নামে নামফলক থাকার সুযোগ নেই।"
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের এমপি এটি তার ভৌগোলিক এলাকার অধীন বলে দাবি করলেও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পুরো বাংলাদেশজুড়ে। কিশোরগঞ্জ ও জলঢাকায় থাকা পরিদর্শন কক্ষগুলোর নামফলকে কারও একক নাম নেই বলেও তিনি জানান।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ফোনে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, "বিষয়টির বিস্তারিত তিনি সরাসরি সাক্ষাতে জানাবেন।"
বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, "এখানে কেবল জামায়াতের সংসদ সদস্যের নামে নামফলক দেওয়া হয়েছে, অথচ দুজনের নাম থাকার কথা ছিল। এটি হয়তো ইউএনওর ভুল হতে পারে।"
তিনি জানান, হাফেজ আব্দুল মুনতাকিম এটি তার নির্দিষ্ট ভৌগোলিক এলাকার (নীলফামারী-৪) অন্তর্ভুক্ত বলে দাবি করছেন। বিপরীতে বিলকিস ইসলাম দাবি করছেন, সৈয়দপুরসহ কিশোরগঞ্জ ও জলঢাকা দেখাশোনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তাই তিনিও এই কক্ষ ব্যবহার করবেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা জানান, পরিদর্শন কক্ষটি সংসদ সদস্যদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি মূলত তাদের এখতিয়ারভুক্ত বিষয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও এম এ পারভেজ লিটন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।