সার উত্তোলন, বিতরণ এবং ডিলার নিয়োগ কার্যক্রম তদারকি করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে এই কমিটি কাজ করবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে কৃষি মন্ত্রণালয়।

এদিকে আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, "দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের গুদামে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার মজুত আছে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন।

কিছু এলাকায় সার বিতরণে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, "এটি তাঁরা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।"