ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এই ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন।
সংঘর্ষ চলাকালীন দুই পক্ষের সমর্থকেরা একে অপরের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এতে আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার বিষয়ে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"