ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। মঙ্গলবার (২৫ আগস্ট) ডালচর মৎস্যঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়েদ হাসান রাজীব চৌধুরীর আড়তে জেলে কামাল মাঝি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজীব চৌধুরী।
জেলে কামাল মাঝি জানান, "মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বিশাল এই কোরাল মাছটি ধরা পড়ে।" পরবর্তীতে অন্যান্য মাছের সঙ্গে এটিও আড়তে এনে নিলামে তোলা হয়।
মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, তিনিসহ বেশ কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজীব চৌধুরীর আড়তের এক কর্মচারী মাছটি কিনে নেন। এটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে; সেখানে আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, "বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এমন সময়ে বড় আকারের কোরাল বা পাঙ্গাশ মাছ ধরা পড়া জেলেদের জন্য কিছুটা হলেও স্বস্তির।" সামনে ইলিশের পাশাপাশি এমন বড় আকৃতির অন্যান্য মাছও বেশি সংখ্যায় ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।