ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান লাইনের তার, এসির (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) তার ও বাইরে থাকা এসির যন্ত্রাংশ চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানান।
এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান। এরপর বেলা দেড়টার দিকে তিনি ফরিদপুর প্রেসক্লাবে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের চুরির বিষয়টি জানান।
ফজলুর রহমান বলেন, ফরিদপুরে তাঁর বাড়িটির নাম ‘কামরাঙ্গা’। পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন। তবে মাসে এক–দুবার ফরিদপুরে আসেন। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি ফরিদপুরের বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, ‘সোমবার রাতে বাড়িতে এসে সুইট টিপে দেখি বাল্ব জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি, বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। বাইরে থাকা এসির বেশ কিছু যন্ত্রাংশও নেই।’
সম্প্রতি চুরি বেড়ে গেছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, ‘শুধু আমার বাড়িই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’
চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান।
ফজলুর রহমান টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি গানও করেন। অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।