লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক তাদের জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। এই খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত সেখানে পৌঁছে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম জানান, "বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।"