দুইজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। এছাড়া, একজন পুলিশ সুপার ও দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে সংযুক্তি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, এপিবিএনের পুলিশ সুপার শাহাদাত হোসেনকে পিবিআইতে, মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইতে, আরএমপির উপকমিশনার আবদুর রহমানকে পিবিআইতে, পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেনকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের (টিআর) পদে বদলি করা হয়েছে।
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।