রাজধানীর মিরপুরে পানির লাইনে কাজ করার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শামীম (৪৭) নামের ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনার কথা নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের নিকটবর্তী সেনপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
কাফরুল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনের মেরামত কাজ করছিলেন শামীম। সড়কের মাঝখানে অবস্থিত একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে কর্মরত ছিলেন। একপর্যায়ে ম্যানহোলের ভেতর থেকে মাথা বের করতেই একটি দ্রুতগামী গাড়ি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।"
তিনি আরও জানান, "ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।"
নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।