পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে শিয়ালের পৃথক পৃথক আক্রমণে সাতজন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে জগদল সর্দারপাড়া, যমভিটা এবং দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত সৃষ্টি হলে তারা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসায় আসেন।

আহতদের মধ্যে সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫) রয়েছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান করে গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো তাদের ওপর হামলা চালায়। এতে অনেকের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।