মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার নতুন বসতি এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান ওরফে রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার রেজাউল করিম খান ওরফে মিলন (৪১)। রেজাউল অ্যাম্বুলেন্সের চালক। তিনি ২০২৩ সালের ২৩ মে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ফরিদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। আতিকুর তাঁর সহযোগী। তাঁরা দুজন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।

জেলা ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয়। বিকেল চারটার দিকে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রাত ১০টার দিকে ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, মাদক বহনে ব্যবহৃত সরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।