ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মন্তব্য করেছেন যে, সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, গত তিন মাসের সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হচ্ছেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার এক প্রকট দৃষ্টান্ত।

সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন।

বিবৃতিতে জানানো হয়, গত জুলাই মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে ২৯৮টি। এর আগে জুনে এই সংখ্যা ছিল ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি এবং মার্চে ৩১৭টি। এই হিসাব অনুযায়ী, গত তিন মাসে নথিভুক্ত খুনের মামলার সংখ্যা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১টি, যা দিনের হিসাবে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুন হওয়ার ইঙ্গিত দেয়। এমন ভয়াবহ ও ব্যাপক মাত্রায় খুনের ঘটনা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

গাজী আতাউর রহমান বলেন, “বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ছয় মাসের বেশি হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে তাদের নিয়ন্ত্রণ নাই, তা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাঁর কাজে মনোযোগী নন। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত।”

সরকারপ্রধানের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, “এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।”

ইসলামী আন্দোলনের মহাসচিব খুনিদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন।